তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল মামলার শুনানি অষ্টম দিনে গড়াল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার চূড়ান্ত আপিল শুনানি সপ্তম দিনের মতো শেষ হয়েছে। আজ বুধবার অষ্টম দিনের মতো এ শুনানি শুরু হবে।
গতকাল মঙ্গলবারের শুনানিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া।
১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়। কিন্তু ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেন।
২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর সেই রায়ের ভিত্তিতে একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যা ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
তবে এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। ওই রিভিউ আবেদন থেকে ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে গত ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেন আদালত।
এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন।
এ নিয়ে আদালতের দৃষ্টি এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক অবস্থান পুনর্মূল্যায়নের দিকে নিবদ্ধ হয়েছে।