কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে তদন্ত চলছে
কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস সিকদার (সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী সংলগ্ন সড়কের আনোয়ার প্রজেক্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুস সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকার মো. কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা রঙ্গিখালী আনোয়ার প্রজেক্টের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। তার পরনে ছিল শুধু একটি ফুল প্যান্ট, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ইউনুসের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তবে তিনি কীভাবে ও কেন ওই এলাকায় গিয়েছিলেন, তা তারা জানাতে পারেননি। পরিবার দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানায়।
টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, “সকালে রঙ্গিখালী মৎস্য ঘেরের পাশে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। মরদেহ শনাক্তের পর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”
এদিকে, মোহাম্মদ ইউনুস সিকদারের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।