তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলে দ্বিতীয় দিনের শুনানি: “গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়কই একমাত্র পথ” — অ্যাটর্নি জেনারেল
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী নয়।” তিনি আরও মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় আপিল বিভাগ যে যুক্তি দিয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত।
এর আগে, বুধবার প্রথম দিনের শুনানিতে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল বলেন, “গণতন্ত্রের স্বার্থে দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা জরুরি।”
অন্যদিকে, বিএনপি, জামায়াত ও নাগরিক সংগঠন সুজন-এর পক্ষে আইনজীবীরাও এর আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে তাদের আইনি যুক্তি তুলে ধরেছেন।