“প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন, পদত্যাগ করেননি” — বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন—প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু এ কথা সত্য নয়। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র?”
সম্প্রতি কালের সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
হাবিবুর রহমান হাবিব বলেন, “সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এমন দাবি করেছিলেন।”
তিনি আরও জানান, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চান। তখন রাষ্ট্রপতি বলেন, “আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।”
এ ঘটনার পর অনেকেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন। হাবিব বলেন, “আমরা বলেছিলাম, যেহেতু ঐকমত্যের ভিত্তিতে এ সরকার গঠিত, তাই রাষ্ট্রপতিকে সরাতে হলেও সব দলের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করলে হবে না। রাষ্ট্রপতি চলে গেলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যা আবার অস্থিরতা ডেকে আনবে।”
বিএনপির এই উপদেষ্টা আরও বলেন, “একদিন দেখলাম, বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে। আমি বলেছিলাম—রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান। যতক্ষণ পর্যন্ত তিনি পদে আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসসহ সরকারি স্থাপনাগুলোতে রাষ্ট্রপতির ছবি থাকা বাধ্যতামূলক।”