শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাআবারও শাস্তির মুখে সুয়ারেজ, নিষিদ্ধ এক ম্যাচে

আবারও শাস্তির মুখে সুয়ারেজ, নিষিদ্ধ এক ম্যাচে

favicon
অনলাইন সংস্করণ
আবারও শাস্তির মুখে সুয়ারেজ, নিষিদ্ধ এক ম্যাচে

বিতর্ক আর শাস্তি যেন পিছু ছাড়ছে না লুইস সুয়ারেজের। মাঠে অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে আবারও শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির এই উরুগুইয়ান তারকা স্ট্রাইকার। মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।


এর ফলে ন্যাশভিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্লে-অফের তৃতীয় রাউন্ডে মাঠে নামতে পারবেন না তিনি, যা ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা।


বাংলাদেশ সময় গত রোববার অনুষ্ঠিত প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে এক অফ দ্য বল ইনসিডেন্টে জড়িয়ে পড়েন সুয়ারেজ। ম্যাচের ৭১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন তিনি। যদিও রেফারি ম্যাচ চলাকালীন ঘটনাটি নজরে আনেননি এবং কোনো কার্ডও দেখাননি। তবে ম্যাচ পরবর্তী পর্যালোচনায় এমএলএস ডিসিপ্লিনারি কমিটি তাকে শাস্তি দেয়।


আগামী শনিবার (৮ নভেম্বর) শিরোপার দৌড়ে টিকে থাকার লক্ষ্যে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি, কিন্তু দলটিকে এবার খেলতে হবে তাদের অন্যতম ভরসা সুয়ারেজকে ছাড়া।


মাঠে অসদাচরণের জন্য সুয়ারেজের পুরোনো রেকর্ড দীর্ঘ। প্রতিপক্ষ খেলোয়াড়কে তিনবার কামড়ানোর দায়ে তিনি আগেও নিষিদ্ধ হয়েছিলেন। এমনকি একবার বর্ণবাদের অভিযোগেও শাস্তি পেয়েছিলেন এই ৩৮ বছর বয়সী ফুটবলার।


এর আগে, গত সেপ্টেম্বরে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হারের পর রেগেমেগে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে থুতু মারার অপরাধে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান সুয়ারেজ। এছাড়া, লিগস কাপ আয়োজক কমিটি তাকে অতিরিক্ত ছয় ম্যাচের জন্যও নিষিদ্ধ করেছিল।