১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের
আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, “বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমরা আমাদের পাঁচ দফা দাবি তুলে ধরেছি। ১১ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দাবিগুলো না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে।”
এর আগে দুপুর পৌনে ১টার দিকে আট দলের প্রতিনিধিরা যমুনায় পৌঁছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি জমা দেন।
এসময় আদিলুর রহমান খান বলেন, “সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যে যদি দলগুলো সম্মিলিত সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়ে মিছিলসহ যমুনার দিকে পদযাত্রা করেন।