পাংশায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় দুই পুলিশসহ তিনজন আহত, এক আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি ও হামলার মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আলম শেখ নামের এক আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, সহকারী উপ-পরিদর্শক পরিতোষ মজুমদার এবং কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমান নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশ বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী গুলি, ককটেল জাতীয় বিস্ফোরক এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলার সময় স্থানীয় আকুল (৫৫) নামের এক ব্যক্তি আহত হন। এছাড়া এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে আসামি আলম শেখ নজরুল ইসলামকে কিলঘুষি মারেও আহত করে।
পুলিশের তৎপরতায় আলম শেখকে স্থান থেকেই গ্রেপ্তার করা হয়, অন্য আসামিরা পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।