রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা
লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদর আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ, পণ্য ও দোকানঘরসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাসেলের লেপ-তোশকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাজারের অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।
রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেড়ে যায়।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করে।”
উল্লেখ্য, এর আগেও গত অক্টোবরে এক সপ্তাহের ব্যবধানে রামগতি উপজেলার তিনটি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।