জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুলু: জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিলেন গণতন্ত্র ও ভোটের অধিকার
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্র করে জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের উপশহরে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, “ভারতের দালালরা ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সিপাহী-জনতার আন্দোলনের মুখে তিনি মুক্তি পান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন। যদি সেদিন জিয়া দায়িত্ব না নিতেন, বাংলাদেশ হয়তো পার্শ্ববর্তী দেশের অঙ্গরাজ্যে পরিণত হতো।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু আধিপত্যবাদের ষড়যন্ত্রে গত ১৬ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র আবারও সংকটে পড়েছে। শহীদ জিয়ার আদর্শেই বিএনপি জন্ম নিয়েছে, এবং সেই আদর্শের ধারক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ আবারও স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে দৃঢ়ভাবে দাঁড়াবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, সাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম এবং সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।