পরিবর্তন ছাড়া কিছুই টিকবে না, তরুণরা আবারও রাস্তায় নামবে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য কমিশন—কোনোটিই সফল হবে না। যদি পরিবর্তন না আসে, তরুণরা আবারও রাস্তায় নামবে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত “ইউনিভার্সিটি টিচার্স ফোরাম”-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশে এখনো ফ্যাসিবাদী কাঠামো টিকে আছে। তাই ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও প্রকৃত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ব্যক্তি ও সমাজের চিন্তায় পরিবর্তন আনতে না পারলে ফ্যাসিবাদ দূর করা যাবে না।”
জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা নিয়ে ঐকমত্য হয়েছে, জনগণই বাকিটা নির্ধারণ করবে। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচনের পথ সুগম হোক।”
তিনি আরও বলেন, “আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং বিভিন্ন পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। আমরা চাই জুলাই সনদের আদর্শ বাস্তবায়িত হোক, এবং গণভোটের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে যাক।”
শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদান ঐতিহাসিক। কিন্তু গত ১৬ বছর ধরে দলীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে—এটি ফ্যাসিবাদী সংস্কৃতিরই প্রতিফলন।”
শিক্ষা খাতে সংস্কারের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “বেকারত্ব দূর করতে হলে আগে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। সরকার শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা সেই লড়াই চালিয়ে যাব।”