কুয়েতের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি
পাকিস্তানের তরুণ অলরাউন্ডার আব্বাস আফ্রিদি শুক্রবার হংকং সিক্সেসের ম্যাচে কুয়েতের বিপক্ষে গড়েছেন এক অবিশ্বাস্য কীর্তি। কুয়েতের বোলার ইয়াসিন প্যাটেলের এক ওভারে পরপর ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখান এই ডানহাতি ব্যাটার।
মোট ১২ বল খেলে ৫৫ রান করেন আব্বাস, যার সুবাদে পাকিস্তান ৬ ওভারে ১২৩ রানের টার্গেট তাড়া করে জয় পায় শেষ বলের রোমাঞ্চে।
এর আগে ব্যাট করে কুয়েত নির্ধারিত ৬ ওভারে ১২৩ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ৪০ রান করেন মিট ভাবসার। তবে পাকিস্তানের ইনিংসে আব্বাস আফ্রিদির বিধ্বংসী ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
২৪ বছর বয়সী আব্বাস আফ্রিদি পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেন। তবে সেই বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার পর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।
এ পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে ১৩৪ রান করেছেন তিনি। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১১২.৬১, যদিও গড় মাত্র ১২.১৮।
এই দুর্দান্ত ইনিংসের পর আব্বাস আফ্রিদির নাম আবারও আলোচনায় — অনেকেই বলছেন, এমন পারফরম্যান্সই হতে পারে তার জাতীয় দলে ফেরার টিকিট।