চট্টগ্রামের হালিশহরে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামে এক তরুণ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকবর ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে করে ৪-৫ জন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ফেলে। কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে আকবরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আকবর। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি হালিশহর এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। তিন দিন আগে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলি করে খুন করা হয় সরওয়ার বাবলা নামে এক সন্ত্রাসীকে। পরদিন গুলিবিদ্ধ হন এক অটোরিকশা চালকও। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।