রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমসারা দেশদুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

favicon
অনলাইন সংস্করণ
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় তিনি পাবনা সদরের আরিফপুর কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুর ১টা পর্যন্ত আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

রবিবার (৯ নভেম্বর) সফরের শেষ দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে আবারও সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরে সকাল ১১টায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে পৌঁছে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরো পাবনা শহরে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়াম, সার্কিট হাউজ, আরিফপুর কবরস্থান ও রাষ্ট্রপতির নিজ বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি চলছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রায় ১৫ মাস পর নিজ জেলায় ফিরলেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে তিনি প্রথমবার পাবনা সফর করেছিলেন।

তবে এবার তার সফর ঘিরে জেলায় পূর্বের মতো উৎসবের আমেজ দেখা যায়নি। পতিত সরকারের সময়ের মতো ব্যানার, ফেস্টুন বা তোড়নে ছেয়ে না গিয়ে শহরজুড়ে বিরাজ করছে নীরব পরিবেশ।