নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্যের বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাজীপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কাদের চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে কাদেরের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার রাতে কে বা কারা তাকে আটক করে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত কাদেরের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ চারটি মামলা রয়েছে। তার অপরাধ জগতের সম্পৃক্ততার কারণে পরিবারের সঙ্গে সম্পর্কও ছিল শিথিল।
ওসি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।