জামায়াতের মুনাফেকি থেকে সাবধান থাকার আহ্বান কায়কোবাদের
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশ নেবে, আরও কয়েকটি দলও আসবে। কিন্তু জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলছে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কায়কোবাদ বলেন, “১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে দেশের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছিলেন, এমনকি দুজনকে মন্ত্রীও করেছিলেন। তারা সেই সুযোগে নিজেদের দলকে সংগঠিত করেছে।”
তিনি আরও বলেন, “একটি টর্নেডোতে চারজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবাইকে আমরা সহায়তা দিয়েছিলাম, তবে টাকা দিইনি। পরে জানলাম, একজন জামায়াত করেন, তাকেই জামায়াত ১০ হাজার টাকা দিয়েছে। শুনে অবাক হয়েছিলাম—বাকিরা কি মুসলিম নন? আমাদের নেতা তারেক রহমান বহু নির্যাতনের শিকার হয়েছেন, তিনি দেশে ফিরবেন। মুরাদনগরের মানুষ তাকে সাদরে বরণ করে নেবে।”
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।
দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে এসে উপস্থিত হন, যা সমগ্র মাঠকে উৎসবে পরিণত করে।