ককটেল হামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাজধানীতে সংঘটিত এসব জঘন্য ও কাপুরুষোচিত হামলায় জড়িতদের গ্রেপ্তারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি।
এরই মধ্যে রাজধানীর সব গির্জা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরকার জানিয়েছে, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। ধর্মীয় সহাবস্থানে কোনো প্রকার বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।