রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩
রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ইদ্রিস আলী (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত ইদ্রিস আলী ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা রয়েছেন, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় মামলা করা হবে। পাশাপাশি বারো রাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণ ও গতিরোধক স্থাপন বিষয়ে সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।