শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, মহাসড়কে বিক্ষোভ
ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ শৈলকুপায় কাজ শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে ফিরছিলেন। পথে আসাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।