বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে মৃত্যু

ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে জুলহাস মিয়া (৪০) নামে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন। ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে।


পুলিশ জানায়, আলম এশিয়া পরিবহনের বাসটি সেখানে পার্ক করে রাখা ছিল, আর বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া। রাতের অন্ধকারে মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত এসে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।


ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে— তিনজন মুখোশধারী ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে আগুন দিয়ে স্থান ত্যাগ করে। ভেতরে ঘুমিয়ে থাকা জুলহাস মিয়া তখনই পুড়ে যান।”


ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, রাত সোয়া তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, মরদেহটি এতটাই দগ্ধ ছিল যে চেনা যাচ্ছিল না। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি বাসটির চালক জুলহাস মিয়া, যিনি ঘটনার সময় সিটে ঘুমিয়ে ছিলেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।