গুলশান লেক পাড়ে ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রাজধানীর গুলশান লেক পাড় থেকে সৌরভ হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলশানের যে স্থানে সৌরভের লাশ পাওয়া যায়, তার আশপাশে আধা কিলোমিটারজুড়ে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাওসার হোসেন বলেন,
“সোমবার গভীর রাতে সৌরভ হত্যাকাণ্ডের শিকার হন। রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এটি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যা। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত কর্মী ছিলেন।”
তিনি আরও জানান, রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে দলের এক কর্মীর কথা হয়, তখন সৌরভ জানিয়েছিলেন, তিনি রুবেল নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।
কাওসার বলেন,
“রাজনীতিতে পক্ষ-বিপক্ষ থাকে, সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে কিছু বিরোধ হয়েছিল। আমরা নিশ্চিত নই, ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় আছে, পুলিশ তদন্তে সব বের হয়ে আসবে।”
তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ জানান,
“আমরা থানায় এসেছি, একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে বলে আশা করছি।”
এ বিষয়ে জানতে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।