ফেনীতে যুবদল নেতা হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা কারাগারে
ফেনীর দাগনভূঞায় যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্লাহ সোহেল হত্যা চেষ্টা মামলায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলা কুতুবী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর এবং জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক।
দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিজয় র্যালির সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিকের নেতৃত্বে স্বদলীয় প্রতিপক্ষরা হামলা চালায়। হামলায় যুবদল নেতা সোহেলসহ এক ডজন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত সোহেলের চোয়ালের হাড় ভেঙে যায় ও ডান চোখ আংশিক নষ্ট হয়। তিনি এখনও চিকিৎসাধীন।
পরে সোহেল বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান।
এদিন আদালত দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলুর জামিন মঞ্জুর করলেও বাকী তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সোহেল হত্যা চেষ্টার মামলায় আদালতের নির্দেশে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।