নোয়াখালীতে রাতভর চেকপোস্ট অভিযান: চুরি-ডাকাতি দমনে পুলিশের কঠোর তল্লাশি
নোয়াখালীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে গভীর রাত পর্যন্ত সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগসহ বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হয়। সন্দেহজনক কাউকে পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাত্রীদের গন্তব্য ও যাত্রার উদ্দেশ্য সম্পর্কেও জানতে চাওয়া হচ্ছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, চুরি ও ছিনতাই রোধে পুলিশ দিন-রাত কাজ করছে। তিনি বলেন,
“অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ সদস্যরা রাতভর মাঠে কাজ করছেন। চেকপোস্টে কোনো হয়রানি নয়—যাত্রীদের দ্রুত প্রস্থান নিশ্চিত করা হচ্ছে। আমি নিজেই অভিযান তদারকি করছি।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন,
“ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি দমনে জেলায় একযোগে চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।”
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি ফারুক আরও জানান,
“আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।”