বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › পঞ্চগড়ে তেঁতুলিয়ায় শীতের আগমন: তাপমাত্রা নেমে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় শীতের আগমন: তাপমাত্রা নেমে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

favicon
অনলাইন সংস্করণ
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় শীতের আগমন: তাপমাত্রা নেমে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

প্রতিদিনই এই অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে, ফলে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকে বইছে হিমেল হাওয়া, সঙ্গে দেখা দিচ্ছে ঘন কুয়াশা।

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার লেপ-তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। একই সঙ্গে শীতের পিঠাপুলির দোকানেও চলছে জমজমাট বিক্রি। রাস্তার পাশে পিঠার দোকানগুলোতে উপচে পড়া ভিড়ে শীত উপভোগ করছেন স্থানীয়রা।

তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন এসব রোগে। ফলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে আগের তুলনায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এক দিনে কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রিতে—অর্থাৎ ১ দশমিক ৭ ডিগ্রি কমেছে। তিনি আরও জানান, নভেম্বরের শেষ নাগাদ তাপমাত্রা আরও কমতে পারে।