নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পারিবারিক কলহের জেরে জাবেদ হোসেন (৪৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার মধ্যে দেলপাড়া চেয়ারম্যানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃত জাবেদ ওই এলাকার ডা. ফরিদ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার গ্রামের বাড়ি দেলপাড়া টেম্পো স্ট্যান্ড এলাকায়।
ঘটনার সময় জাবেদের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে কলহের পর অভিমানে জাবেদ নিজের ঘরের সিলিং ফ্যানে সাদা নাইলনের মোটা দড়ি দিয়ে ফাঁস নেন। ভোরে পাশের কক্ষে থাকা এক ভাড়াটিয়া জানালা দিয়ে জাবেদকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। পরে ফতুল্লা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফতুল্লা থানার এসআই আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ফতুল্লা থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”