পুরান ঢাকার তারিক সাইফ মামুন হত্যা: দুই শ্যুটারসহ পাঁচ আসামির চার দিনের রিমান্ড
পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) অস্ত্র আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল, শ্যুটার রবিন আহমেদ পিয়াস, মো. রুবেল, শামীম আহমেদ ও মো. ইউসুফ ওরফে জীবন।
এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জালাল উদ্দিন মার্জিন ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।