ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা, এনসিপি নেতা মোজাম্মেল হকসহ দুজন আহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মোজাম্মেল হক (২৮) এবং আরও একজন নেতা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত মোজাম্মেল হককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে এনসিপির পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে মোজাম্মেল হকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হলে, স্থানীয় কয়েকজন ব্যক্তি হঠাৎ তাদের ওপর হামলা চালান। এতে মোজাম্মেলের ডান হাত ভেঙে যায়। অন্য অংশগ্রহণকারীরা প্রাণ বাঁচাতে হাসপাতালের ভেতরে আশ্রয় নেন।
হামলায় আহত আরেক নেতা মাসুম বিল্লাহকে হাসপাতালের এক কক্ষে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন অভিযোগ করে বলেন, “স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসাইন দীর্ঘদিন ধরে অনিয়মে জড়িত। আজ তিনি নিজস্ব দালাল ও সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। আমরা এর সঠিক বিচার চাই।”
তবে স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তখন হাসপাতালে ছিলাম না। ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং একজন আহত নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”