মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আটক
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার পরিচয় দিয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।