সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর পরিত্যক্ত গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, পাশের বাংলাদেশ ব্যাংকের ভবনে চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট স্পার্কের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে।
বিটিসিএলের সিলেট উপ-মহাব্যবস্থাপক মিহির রায় জানান, “আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি।”
অন্যদিকে, ফায়ার সার্ভিসের সিলেট তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি, তবে বিস্তারিত তদন্ত করা হবে।”