পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, আটক ২
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা ধরে সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে অবরোধ করেন। নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় মিছিল চলাকালে সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করা হয়। এলাকাজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ফলে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল জানান, “সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা সেতুর এক কিলোমিটার পশ্চিমে অবস্থান নেয়, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে একটি ট্রাকে আগুন ধরানো হয় এবং সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত।”
তিনি আরও বলেন, “পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সকাল সাড়ে আটটার পর থেকে সীমিতভাবে যান চলাচল শুরু হয়।”