শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কুমিল্লায় লকডাউন ঘিরে মহাসড়কে কড়া নিরাপত্তা, যানবাহনে তল্লাশি জোরদার

কুমিল্লায় লকডাউন ঘিরে মহাসড়কে কড়া নিরাপত্তা, যানবাহনে তল্লাশি জোরদার

favicon
অনলাইন সংস্করণ
কুমিল্লায় লকডাউন ঘিরে মহাসড়কে কড়া নিরাপত্তা, যানবাহনে তল্লাশি জোরদার

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।


সকাল থেকে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও ডিবি সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়, ব্রিজ, বাসস্ট্যান্ড ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করেছে।


মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে শুরু করে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে নিয়মিত তল্লাশি চলছে।


আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও ডিবির বিশেষ টিমও মাঠে অবস্থান নিয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারি ও সাদা পোশাকের সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।


সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে যাত্রীদের পরিচয়পত্র ও লাগেজ পরীক্ষা করা হয়। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।


ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন,


“সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা বা সংঘাত প্রতিরোধই এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য।