সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমার্কেট ডেভেলপমেন্ট ফান্ডে ৫৬৮ কোটি টাকা আত্মসাত মামলা: ১২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডে ৫৬৮ কোটি টাকা আত্মসাত মামলা: ১২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

favicon
অনলাইন সংস্করণ
মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডে ৫৬৮ কোটি টাকা আত্মসাত মামলা: ১২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিনপ্রাপ্ত ১২ আসামির জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরও ১২ জন।

আসামিরা হলেন—

আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন এবং সিসিও মুসফিক মনজুর।

এর আগে গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেছিলেন।

বিটিআরসির পক্ষে সংস্থার সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রতারণামূলকভাবে বিপুল অর্থ আত্মসাত করে। নেটওয়ার্ক উন্নয়নের নামে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকাই আত্মসাতের মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়।

অভিযোগে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সালমান এফ রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) খাত কুক্ষিগত করা হয়। তাঁর নির্দেশে আইজিডব্লিউ অপারেটরদের প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ জমা দিতে হতো তাঁর মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে, যদিও প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো বৈধ লাইসেন্স ছিল না।

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে কোটি কোটি টাকা আদায় করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে অবগত ছিলেন না সংশ্লিষ্ট অপারেটররাই—অভিযোগে এমনটাই উল্লেখ করা হয়েছে।