ভাঙ্গায় মহাসড়কের পাশে ৩২টি পেট্রলবোমা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে ফেলে যাওয়া একটি লাগেজ থেকে ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় এসব পেট্রলবোমা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এলাকায় অভিযান চালায়। টের পেয়ে দুর্বৃত্তরা একটি কালো রঙের লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে লাগেজটি উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে ভর্তি ৩২টি পেট্রলবোমা রাখা আছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি লাগেজ উদ্ধার করা হয়। খুলে দেখা যায় ভেতরে ৩২ বোতল পেট্রলবোমা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
তবে ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।