জুলাই গণ-অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সোমবার
জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।
মামলার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আশা প্রকাশ করেছেন যে, ট্রাইব্যুনাল আসামিদের খালাস দেবেন।
তিনি বলেন, “আমার মক্কেলরা অনুপস্থিত থাকলেও আমি আদালতে সর্বোচ্চ যুক্তি উপস্থাপন করেছি। আমাকে কেউ বাধা দেয়নি, রাষ্ট্রপক্ষ থেকেও প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ সরবরাহ করা হয়েছে। আমি প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই মামলাটি পরিচালনা করেছি।”
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে বিচারপতি সফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী সদস্য হিসেবে রয়েছেন।
আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন একমাত্র গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত ছিলেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক রয়েছেন।