মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: ঘুমন্ত চালক গুরুতর দগ্ধ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’-এর শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।