শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ‘সাধারণ আওয়ামী কর্মীদের শান্তিতে রাখতে চায় না শেখ হাসিনা’—ফেসবুকে রাশেদ খান

‘সাধারণ আওয়ামী কর্মীদের শান্তিতে রাখতে চায় না শেখ হাসিনা’—ফেসবুকে রাশেদ খান

favicon
অনলাইন সংস্করণ
‘সাধারণ আওয়ামী কর্মীদের শান্তিতে রাখতে চায় না শেখ হাসিনা’—ফেসবুকে রাশেদ খান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় কর্মীদের শান্তিতে থাকতে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


রাশেদ খান লিখেছেন, গত ১৫ মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা দিল্লিতে বসে এমন ষড়যন্ত্র করছেন, যা দলের সাধারণ কর্মীদের আবারও বিপদের মুখে ফেলতে পারে। তার দাবি, যেসব নেতাকর্মী হাসিনার উসকানিতে রাজপথে নামবে তারা ঝুঁকির মুখে পড়বে, আর বাকিরাও সন্দেহের মধ্যে থাকবেন।


তিনি বলেন, নিরপরাধ আওয়ামী কর্মীদের উচিত হবে প্রমাণ করা যে তারা কোনো উসকানিতে পা দেবেন না। একই সঙ্গে অপরাধী আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


রাশেদ খান আরও লিখেছেন, সাধারণ ও নিরীহ আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো জুলুম করা হবে না, তবে অপরাধীদের ক্ষেত্রে কোনো আপস নেই। তার অভিযোগ, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় অনেকেই ছাত্রলীগকে অর্থযোগান দিয়েছেন এবং শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করেছেন। এসব ব্যক্তিকে নির্বাচনের আগেই নিয়ন্ত্রণে না আনলে তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।


তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধী ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ জরুরি।


পোস্টের শেষে তিনি আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে অংশ নেওয়া ছাত্র-জনতাকে ধন্যবাদ জানান।