সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালত৪৮ ঘণ্টার আলটিমেটাম: নিরাপত্তা না পেলে রবিবার থেকে বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

৪৮ ঘণ্টার আলটিমেটাম: নিরাপত্তা না পেলে রবিবার থেকে বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

favicon
অনলাইন সংস্করণ
৪৮ ঘণ্টার আলটিমেটাম: নিরাপত্তা না পেলে রবিবার থেকে বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি

সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে আগামী ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে রবিবার থেকে সারা দেশের বিচারকরা একযোগে কলম বিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা আসে।


অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দাবি হলো— রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তায় অবহেলা এবং গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপনসহ অপেশাদার আচরণের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় বিচার বিভাগে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। অ্যাসোসিয়েশন নিহত তাওসিফের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।


বিবৃতিতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারে এমন নৃশংস হামলার পর সারা দেশের বিচারকরা ক্ষোভে ফেটে পড়েছেন। আদালত প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও যানবাহনে নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট বহুবার সরকারকে চিঠি দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেও বিচারক ও তাদের পরিবার অরক্ষিত অবস্থায় রয়েছেন।


অ্যাসোসিয়েশন আরও জানায়, জেলা ও চৌকি আদালতের বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন সুবিধা নেই। অনেক বিচারককে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয় এবং রিকশা, ভ্যান বা পায়ে হেঁটে আদালতে যেতে হয়। বিচার বিভাগ দীর্ঘদিন ধরে এ বিষয়গুলো তুলে ধরলেও রাষ্ট্র কোনো বাস্তবসম্মত ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় আজ বিচারক পরিবারের ওপর নেমে এসেছে করুণ বিপর্যয়।


বিবৃতিতে বলা হয়, বিচারকরা জনগণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা সুরক্ষায় গুরুতর গাফিলতি রয়েছে—এ দায় এড়ানোর সুযোগ নেই।