বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানার অঙ্গীকার বিএনপির—সংসদ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ সালাহউদ্দিন আহমদের

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানার অঙ্গীকার বিএনপির—সংসদ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ সালাহউদ্দিন আহমদের

favicon
অনলাইন সংস্করণ
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানার অঙ্গীকার বিএনপির—সংসদ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ সালাহউদ্দিন আহমদের

জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত, প্রণীত ও স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ—এ কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “গণভোট দিয়ে না আইন তৈরি হবে, না সংবিধান সংশোধন করা যাবে। এজন্য অবশ্যই একটি জাতীয় সংসদ গঠন করতে হবে।”


শুক্রবার রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না—এটাই তার বিশেষ মর্যাদা। তাই সংসদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে এমন কোনো প্রস্তাব বা নির্দেশ গ্রহণযোগ্য নয়।


তিনি অভিযোগ করে বলেন, “দেশে এমন একটি গোষ্ঠী আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি ও ব্যবসা করে। নারীদের ঘরের মধ্যে বন্দি রাখতে চায়। তারা চায় সমাজের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকুক।”

নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এতে বরং নারীদের কর্মসংস্থান কমে যাবে। “নারীরা সম্মানের সঙ্গে কর্মস্থলে কাজ করবে—এটাই স্বাভাবিক। যারা এসব কথা বলছে, তাদের উদ্দেশ্য ভালো নয়।”


তিনি আরও বলেন, রাজশাহীতে নারী নির্যাতন, জুতাপেটা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা—এসবই ধর্মীয় গোষ্ঠীর অপব্যবহারের অংশ। “শুধু কথা বলার জন্যই শিক্ষিকার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কারণ তা ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে,” মন্তব্য করেন তিনি।


সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “জুলাই আন্দোলনে নারী-পুরুষ সমানভাবে সংগ্রাম করেছিল। ভেবেছিলাম নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে। কিন্তু আজ আবার নারীরা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, নারীরা দেশের শিক্ষা, কর্মসংস্থান ও পেশাজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। এখনই তাদের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা এবং ধর্মকে ব্যবহার করে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করার প্রবণতা গ্রহণযোগ্য নয়।


সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীন প্রমুখ।