বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি

favicon
অনলাইন সংস্করণ
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন ও দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি।


শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা এগিয়ে যায়। নেতৃবৃন্দ দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চান।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুর সদর উপজেলায় এবং তিনি দেশ ও গণতন্ত্রের জন্য সবসময় আপসহীনভাবে কাজ করেছেন। দিনাজপুরবাসী তার প্রতি গর্বিত। তিনি আরও বলেন, খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হকের উদ্যোগে মেডিক্যাল কলেজ, শিক্ষা বোর্ড ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়সহ এলাকার বড় বড় উন্নয়ন হয়েছে।


বিএনপি নেতাদের দাবি, গত ১৭ বছরে সরকারের অবহেলায় দিনাজপুর-৩ আসন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিজয়ী করে সেই উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


উল্লেখ্য, দেশের বিভিন্ন আসনে নির্বাচন করলেও এবারই প্রথম দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া।