কলেজে ভাঙচুরের ভিডিও ভাইরাল: পিরোজপুরে ছাত্রদল নেতা সজীব বহিষ্কার
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুরের ঘটনার পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার সকালে সজীব কলেজের একটি কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় সে ক্যাপ পরে মুখ ঢেকে নিজের পরিচয় গোপনের চেষ্টা করে এবং সহযোগীদের দিয়ে ঘটনাটি ভিডিও করতে নির্দেশ দেয়। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে হামলা ও ভাঙচুরের কারণ সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।
ঘটনার পরদিন রাতেই কলেজের অধ্যক্ষ পান্নালাল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সজীবের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।