সিদ্ধিরগঞ্জে সওজ অফিসের সামনে পার্কিং মিনিবাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পার্কিং করা একটি নাফ মিনিবাসে আগুন লেগেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে হঠাৎ করে মিনিবাসটিতে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগং রোড সওজ অফিসের সামনে পার্ক করে যান।
শনিবার ভোরে স্থানীয়রা মিনিবাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে গাড়িটির সিট, গ্লাসসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।