শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › জুলাই সনদের বাইরে নতুন কোনো দাবি মানবে না বিএনপি: মেজর (অব.) হাফিজ উদ্দিন

জুলাই সনদের বাইরে নতুন কোনো দাবি মানবে না বিএনপি: মেজর (অব.) হাফিজ উদ্দিন

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদের বাইরে নতুন কোনো দাবি মানবে না বিএনপি: মেজর (অব.) হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জনগণের স্বার্থেই রাজনীতি করে এবং জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর করা হয়েছে, দল সেই অঙ্গীকারই মানবে। অন্য কোনো দলের নতুন দাবি বিএনপি গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।


শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।


নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, জনগণ ভোট দিতে উৎসুক। তবে তার আশঙ্কা—শেখ হাসিনা ভারত থেকে গুণ্ডা বাহিনী পাঠিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাসে আগুন দিচ্ছে এবং পদ্মা সেতুর দুই প্রান্তে লোক জড়ো করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য আর মেনে নেবে না।


তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং দেশকে কল্যাণরাষ্ট্রে রূপান্তর করবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তেও নানা পদক্ষেপ নেওয়া হবে।


বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, দেড় বছরে তারা কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারেনি। শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করলেই তারা কৃতার্থ হবে।


তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসেনি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তার অভিযোগ—ভারত থেকে সন্ত্রাসী পাঠিয়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে।


সংবর্ধনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে ড. ইউনূসকে লক্ষ্য করে তিনি বলেন, রাজনৈতিক দল গঠন করা তাঁর কাজ নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণরা ক্যারিয়ারের বদলে রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থে জড়িয়ে পড়ছে।


লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।