সিলেটে অ্যাম্বুলেন্স ও পরিত্যক্ত বাসে অগ্নিসংযোগ, পুড়ে গেছে দুটি যান
সিলেট নগরের চৌহাট্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়ানো একটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) গভীর রাত ও ভোরে পৃথক সময়ে সংঘটিত এ ঘটনায় দুটি যানই পুড়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ২টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে পাঁচজন যুবক পার্কিংয়ে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তরা রাতের মধ্যে এসে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। পুরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এর প্রায় এক ঘণ্টা পরে, রাত ৩টা ৩৫ মিনিটে সিলেট–সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও এলাকায় হৃদয় পরিবহনের একটি পরিত্যক্ত বাসে আগুন দিলে ফের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
জালালাবাদ থানার ওসি শাহ মোবাশ্বির জানান, বাসটি পরিত্যক্ত ছিল এবং কীভাবে আগুন লাগানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, দুটি অগ্নিকাণ্ডের ঘটনাতেই দ্রুত উদ্ধার ও নেভানোর কাজ করা হয় এবং রাত ৪টা ৫০ মিনিটের দিকে সব কার্যক্রম শেষ করে ইউনিটগুলো স্টেশনে ফিরে আসে।