সাভারে পার্কিং করা ইতিহাস পরিবহনের বাসে আগুন
সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে পার্কিং করা অবস্থায় আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পাওয়ার পর সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ৩টা ৪৪ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরের অংশ পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পার্কিং করা বাসটির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির মালিক হিসেবে মো. এনামুল হকের নাম পাওয়া গেলেও চালকের পরিচয় জানা যায়নি।