শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশরোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: কক্সবাজার সেমিনারে বক্তারা

রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: কক্সবাজার সেমিনারে বক্তারা

favicon
অনলাইন সংস্করণ
রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: কক্সবাজার সেমিনারে বক্তারা


কক্সবাজারে আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে বিশিষ্ট বক্তারা বলেছেন, রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে, তবে প্রত্যাবর্তন প্রক্রিয়া সফল না হওয়া পর্যন্ত তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।


রবিবার (১৬ নভেম্বর) শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এবং ব্র্যাকের সহায়তায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজিএ) আয়োজিত এই কনফারেন্সে বক্তারা জানান, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক নয়—এটি বৈশ্বিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক জবাবদিহিতার প্রশ্ন।


বক্তারা বলেন, উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা স্থানীয় জনগোষ্ঠীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। মায়ানমারকে দায়বদ্ধ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি।


সিজিএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অনেকে।


দিনব্যাপী কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ জুলহাস আলম। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জসহ নানা বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দীন, ড. জাকিয়া সুলতানা, প্রফেসর ড. আমেনা মহসিন, আসিফ মুনির, ওসমান গনি মনসুর, শাহজাহান চৌধুরী, নুর আহমেদ আনোয়ারী, সুজা উদ্দীন সুজা ও করিম উল্লাহ কলিমসহ অন্যান্যরা।


সেমিনারে সাংবাদিক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং রোহিঙ্গা কমিউনিটির বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।