চাঁদপুর-৫ আসনে এনসিপি প্রার্থী মাহাবুব আলম
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ নেতা মাহাবুব আলম। তিনি হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা।
বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ডকুমেন্টেশন অ্যান্ড আর্কাইভ সেলের প্রধান ও এনসিপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।
১৯৯৭ সালে জন্ম নেওয়া মাহাবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।
এ ছাড়া তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাবি টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দেশে স্নাতকোত্তর সম্পন্নের পর তিনি ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা এই তরুণ সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। তার লিখিত বহু প্রবন্ধ দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ২০২৩ সালে ইন্ডিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জিটি২০ সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।
নিজ এলাকার জনগণের প্রতি আস্থার কথা জানিয়ে মাহাবুব আলম বলেন, “হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যদি আমাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করেন, তবে শিক্ষা, উন্নয়ন, সামাজিক অগ্রগতি, চিকিৎসা, বাসস্থান এবং দারিদ্র্য বিমোচনে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই।”