জাহাঙ্গীর কবির নানক পরিবারসহ ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা মোট ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখী এবং তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। দুদক জানায়, এসব বিভিন্ন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ নানা ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থেই ৫৭টি হিসাব দ্রুত অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
দুদকের আবেদনে আরও বলা হয়, বর্তমানে নানক ও তার পরিবারের বিভিন্ন হিসাবে প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে। এসব অর্থের উৎস সন্দেহজনক হওয়ায় তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।