মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের খালি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে সোমবার রাতের দিকে।
স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর উপজেলা বিএনপি একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে শুরু হয়ে কামালপুর গ্রামের দিকে যাচ্ছিল। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। কামালপুর গ্রামেই অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি, যা ৫ আগস্টের পর থেকে খালি পড়ে ছিল।
মিছিল চলাকালে হঠাৎ ২০–৩০ জন কর্মী দলছুট হয়ে বাড়ির দিকে গিয়ে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনাকালে বাড়িতে কোনো স্বজন বা কর্মচারী ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা। মিছিলের মূল অংশ সামনে এগোলেও পেছনের একটি অংশ হঠাৎ দিক পরিবর্তন করে বাড়িতে ঢুকে পড়ে। ভাঙচুরের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, বাড়ির দরজা-জানালা, আলমারি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, তদন্ত চলছে।