মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ভাঙ্গায় কঠোর নিরাপত্তা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দু'জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ভাঙ্গা এলাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে টহল বৃদ্ধি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করেছে। সকাল থেকেই বরিশাল দিক থেকে ঢাকাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে ঢাকা থেকে ভাঙ্গামুখী সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানিয়েছেন, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফরিদপুরের পুলিশ সুপার সকালে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড পরিদর্শন করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সোমবার থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজও মহাসড়কগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে। পরিস্থিতি সুষ্ঠু রয়েছে।