ঢাকার নিম্ন আদালত এলাকায় ককটেল নয়, পটকা ফাটানোর ঘটনা: কোতোয়ালি থানা
ঢাকার নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আতঙ্ক তৈরির উদ্দেশ্যে পটকা ফোটানো হয়েছে মাত্র।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রেবতী ম্যানসন প্রাঙ্গণে ‘ককটেল বিস্ফোরণ’ হয়েছে দাবি করে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, তিনি অফিসে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান। তার ধারণা, এটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করছে পুলিশ, এবং তারা আইনানুগ ব্যবস্থা নেবে।