ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ঝিনাইদহে কম্বোডিয়াপ্রবাসী মাহবুব হোসেন হত্যার মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বক্তব্য দেন নিহতের বাবা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দারসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, চার দিন পার হলেও একজন ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একটি প্রভাবশালী মহল হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
গত শনিবার সকালে কালা গ্রামে কুপিয়ে হত্যা করা হয় প্রবাসী মাহবুব হোসেনকে। এ ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন রবিবার রাতে বিএনপি নেতা রবিউল ইসলাম রবিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।